প্রকাশিত: Fri, Apr 28, 2023 5:07 AM
আপডেট: Fri, Jul 24, 2026 12:23 AM

বঙ্গমাতার সমাধি ও শিখা অনির্বাণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন

মাসুদ আলম: বৃহস্পতিবার বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। তিনি বঙ্গমাতার কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।

রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের কবরে ফুলের পাঁপড়ি ছিটিয়ে দেন। এসময় রাষ্ট্রপতির সংগে তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানাও ছিলেন।

আইএসপিআর জানায়, মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। 

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।  রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান ও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব